ভারতে বিজ্ঞান গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে, যেখানে বিজ্ঞানীরা আধুনিক ডিএনএ প্রযুক্তির সাহায্যে একটি নতুন আরশোলা প্রজাতি ( New Cockroach Species Using DNA Taxonomy ) আবিষ্কার করেছেন। এই নতুন প্রজাতির নাম ‘Neoloboptera peninsularis’, যা মহারাষ্ট্রের পুনে জেলার নাথাচিওয়াড়ি অঞ্চলের চাষের জমিতে খুঁজে পাওয়া গেছে। এই আবিষ্কারটি করেছে Zoological Survey of India (ZSI)-এর বিজ্ঞানীরা, যারা ঐতিহ্যগত পদ্ধতির পাশাপাশি আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে গবেষণা পরিচালনা করেছেন।
ইন্টিগ্রেটিভ ট্যাক্সোনমি পদ্ধতির ব্যবহার
এই গবেষণার বিশেষত্ব হল “ইন্টিগ্রেটিভ ট্যাক্সোনমি”। এটি একপ্রকার পদ্ধতি, যেখানে প্রাণীর বাহ্যিক গঠন, প্রজনন অঙ্গের বিশ্লেষণ, ডিএনএ বারকোডিং এবং ফাইলোজেনেটিক বিশ্লেষণ একসাথে প্রয়োগ করা হয়। উল্লেখযোগ্যভাবে, ভারতে প্রায় ২৬৭ বছর ধরে তেলাপোকা নিয়ে গবেষণার ইতিহাস থাকলেও এই প্রথম এত আধুনিক ও পূর্ণাঙ্গ পদ্ধতি ব্যবহার করে একটি নতুন প্রজাতি শনাক্ত করা হয়েছে।
ভারতের জীববৈচিত্র্যে নতুন সংযোজন
এই নতুন প্রজাতিটি Neoloboptera গণের অন্তর্গত এবং এটি এই গণের তৃতীয় প্রজাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। গবেষণার মাধ্যমে প্রমান হয়েছে যে এই প্রজাতিটি সম্পূর্ণভাবে ভারতের নিজস্ব (endemic)। বর্তমানে ভারতে প্রায় ১৯০টি তেলাপোকা (আরশোলা) প্রজাতি নথিভুক্ত রয়েছে, যা বিশ্বের মোট তেলাপোকা বৈচিত্র্যের প্রায় ৩.৮ শতাংশ।
ডিএনএ প্রযুক্তির গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা
এই আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ডিএনএ-ভিত্তিক প্রযুক্তির ব্যবহার, যা প্রজাতি শনাক্তকরণকে আরও নির্ভুল এবং নির্ভরযোগ্য করে তুলেছে। আগে শুধুমাত্র বাহ্যিক গঠন দেখে প্রজাতি নির্ধারণ করা হতো, ফলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু ডিএনএ বারকোডিং এবং বিবর্তনগত বিশ্লেষণ ব্যবহার করার ফলে এখন বিজ্ঞানীরা আরও নিশ্চিতভাবে প্রজাতির পরিচয় নির্ধারণ করতে পারছেন। এই পদ্ধতি ভবিষ্যতে আরও নতুন প্রজাতি আবিষ্কারে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভারতের জীববৈচিত্র্য গবেষণায় আরো নতুন দিগন্ত উন্মোচন করবে।